মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকছে যেসব ফিচার
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নতুন ওপেন-ওয়েট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে। ৩ হাজার কোটি প্যারামিটারযুক্ত এই মডেলটি সরাসরি কম্পিউটারে চালানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এআই এজেন্ট তৈরি করতে সক্ষম। ফলে এআই এজেন্ট তৈরিতে সবসময় ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হবে না।
মেটার তথ্যমতে, মিউজ গ্লিমারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটারে চালানো সম্ভব। প্রচলিত অনেক বড় এআই মডেলে ব্যবহারকারীর অনুরোধ ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টারে পাঠানো হয়। তবে মিউজ গ্লিমার স্থানীয়ভাবে কাজ করতে পারায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও সুরক্ষিত রাখা সম্ভব হবে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট কিছু কাজ করা যাবে।
সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মডেলটি তৈরি করা হয়নি। এটি মূলত ‘এজেন্টিক’ এআই মডেল। অর্থাৎ কোনো কাজ সম্পন্ন করতে একাধিক ধাপে পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন টুল ব্যবহারের পাশাপাশি কৃত্রিম ছবি তৈরি, কোড লেখা ও কোডের ত্রুটি সংশোধনেও সক্ষম এটি।
মিউজ গ্লিমার একই সঙ্গে টেক্সট ও ছবি বুঝতে পারে এবং একশটির বেশি ভাষা সমর্থন করে। ডেভেলপাররা এই মডেল ব্যবহার করে এমন এআই এজেন্ট তৈরি করতে পারবেন, যা কম্পিউটারের ফাইল, কোড লেখার সরঞ্জাম এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মেটা ওপেন-সোর্স প্রযুক্তি ব্যবহারে সমর্থন করে। তাই নতুন মডেলটি উন্মুক্ত করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত।
মিউজ গ্লিমারের মাধ্যমে মেটা এমন একটি ভবিষ্যতের দিকে এগোতে চাইছে, যেখানে শক্তিশালী এআই শুধু ক্লাউডভিত্তিক ডেটা সেন্টারে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারকারীর নিজের কম্পিউটারেও চলবে এবং বিভিন্ন জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসটিআর
মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকছে যেসব ফিচার

