দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন রোগী শনাক্ত হয়েছেন। আর গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জনে।
এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ১২৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১১৭ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৩০ জন শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।
-স্বাধীন/এমএ
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

