ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, মোট প্রাণহানি দেড়শ ছাড়ালো
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে দেশে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ১ হাজার ৭৩৩ জন। ফলে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে দুজনের বয়স ৬ থেকে ১০ বছর, একজনের বয়স ১৬ থেকে ২০ বছর এবং অন্যরা প্রাপ্তবয়স্ক।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত ১৫৭ জনের মধ্যে নারীর সংখ্যা ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন ডেঙ্গু রোগী মারা যান।
চলতি সেপ্টেম্বরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এ মাসে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয় ৮ সেপ্টেম্বর।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৫১ জন, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৯ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় নয়জন মারা গেছেন। এছাড়া খুলনায় ২৭, ময়মনসিংহে ১৬, বরিশালে ১২, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মাসভিত্তিক রোগী ভর্তির হিসাবেও সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার চিত্র পাওয়া যাচ্ছে। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯৯১ জন।
সোমবারের আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮ সেপ্টেম্বর। তবে সোমবার সেই রেকর্ড ছাড়িয়ে একদিনে ১ হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
-স্বাধীন/এমএ
ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, মোট প্রাণহানি দেড়শ ছাড়ালো

