শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশঃ Sep 15, 2026 - 21:36
শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, শহীদদের মহান আত্মত্যাগ ও মূল্যবোধকে ধারণ করে একটি সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে শহীদ ফারহান ফাইয়াজের ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া ও মা ফারহানা দিবা উপস্থিত ছিলেন।

বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে জনগণের নিরন্তর ও আপসহীন সংগ্রামের মধ্য দিয়েই আজকের বাংলাদেশ পেয়েছি। এর ফলে আমরা এখন মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে কথা বলতে পারছি।

তিনি বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এমন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত হবে।

সন্তানের স্মৃতিচারণে আবেগাপ্লুত বাবা-মা

অনুষ্ঠানে শহীদ ফারহান ফাইয়াজের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা-মা। সন্তানের ফেলে যাওয়া স্মৃতি মনে করে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলে অনুষ্ঠানস্থলে নেমে আসে হৃদয়স্পর্শী নীরবতা।

পরে শহীদ ফারহান ফাইয়াজের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জন্মদিন উপলক্ষে কেক কেটে তা এতিম শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই তরুণ গবেষণামূলক কাজের প্রতি আগ্রহী ছিলেন এবং উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবিতে উদ্বুদ্ধ হয়ে সহপাঠীদের সঙ্গে ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডি এলাকায় রাজপথে নামেন তিনি। সেখানে শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ফারহান ফাইয়াজ।

সহপাঠীরা দ্রুত তাকে ধানমন্ডির সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ন্যায়ের পক্ষে তার এই আত্মত্যাগ তাকে দেশের নতুন প্রজন্মের কাছে চিরস্মরণীয় প্রেরণার প্রতীকে পরিণত করেছে।

অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ

জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘লাল’ ও ‘সবুজ’ দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী লাল দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী এবং শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম।

এ সময় শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্য, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


-স্বাধীন/এস

শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
লোগো
Sep 15, 2026

শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta