শেখ হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্তের জাল বুনছে ভারত: রিজভী

প্রকাশঃ Sep 16, 2026 - 14:02
শেখ হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্তের জাল বুনছে ভারত: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের জাল বুনছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও ভারত তাতে সাড়া দিচ্ছে না। বরং প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিন আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ভারত নিজেদের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করে। কিন্তু তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনে বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। একই সঙ্গে তার সঙ্গে থাকা ব্যক্তিরাও সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সরকার আদালতের পরোয়ানা অনুযায়ী তাদের ফেরত চাইলেও ভারত তাদের হস্তান্তর করছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সাবেক মেজরকে অতীতে ভারতের কাছ থেকে শেখ হাসিনার সরকারের কাছে হস্তান্তরের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, সেই ঘটনা সম্ভব হলে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ভারতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এর পেছনে গভীর কোনো চক্রান্ত থাকতে পারে।

ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সংকটের অভিযোগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গে রিজভী বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে যথাযথ মর্যাদা না দিয়ে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে পার্শ্ববর্তী অবস্থানে থাকার মতো করে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ কারণে প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য, ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিটে ত্রুটির কথা জানিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এটিকে তিনি ভারতের কূটকৌশল হিসেবে উল্লেখ করেন।

দেশে বিরোধী মত প্রকাশের সুযোগ রয়েছে
বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, গত ১৬ বছরে দেশে দুর্নীতি, অর্থপাচার, গুম ও গুপ্তহত্যার মতো ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে বিরোধী দল সংসদ ও সংসদের বাইরে সরকারের সমালোচনা করছে উল্লেখ করে রিজভী বলেন, বিরোধী দলের কোনো নেতা গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হননি। জনগণের বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

বৈশ্বিক কারণে জ্বালানি সংকট
দেশের গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি সরকারের তৈরি কোনো সংকট নয়। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে গ্যাস আনার মাধ্যমে শিল্প ও গৃহস্থালিতে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রিজভী আরও দাবি করেন, বৈশ্বিক সংকটের মধ্যেও দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মধুর ক্যান্টিন নিয়ে সতর্কবার্তা
সম্প্রতি মধুর ক্যান্টিন নিয়ে বিতর্কের প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি বলেন, একাত্তরের অর্জন ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না।

মধুর ক্যান্টিনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শহীদ মধুর আত্মত্যাগের সঙ্গে এই স্থানের ইতিহাস জড়িয়ে রয়েছে। সেখানে কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা হলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তা প্রতিহত করবে বলেও সতর্ক করেন তিনি।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি কর্নেল (অব.) জয়নুল আবেদীন, আনিসুজ্জামান খোকন, মেজর (অব.) মিজানসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


-স্বাধীন/এমএ

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্তের জাল বুনছে ভারত: রিজভী
লোগো
Sep 16, 2026

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে চক্রান্তের জাল বুনছে ভারত: রিজভী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta