সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

প্রকাশঃ Sep 16, 2026 - 15:03
সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী, একই গ্রেডে ১০ বছর চাকরি করার পর উচ্চতর গ্রেড পাওয়ার বর্তমান নিয়ম কমিয়ে আট বছর করার কথা বলা হয়েছে। তবে দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পেতে একই গ্রেডে আরও ছয় বছর চাকরি করার শর্ত রাখা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, পদোন্নতির সুযোগ রয়েছে এমন পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি না পেলে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। অন্যদিকে, যেসব পদে পদোন্নতির সুযোগ নেই এবং ‘ব্লকড পদ’ হিসেবে চিহ্নিত, সেসব পদে কর্মরতরা সর্বোচ্চ তিনবার এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

প্রস্তাবিত নিয়মে প্রথমবার একই গ্রেডে আট বছর, দ্বিতীয়বার আরও ছয় বছর এবং তৃতীয়বার পরবর্তী আট বছর চাকরি পূর্ণ হলে উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

এদিকে নতুন পে স্কেলে মূল বেতন সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া, চিকিৎসা, মোবাইল, যাতায়াত, টিফিনসহ বিভিন্ন ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়িভাড়া দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় বাড়িভাড়া ৪০ থেকে ৫৫ শতাংশের পরিবর্তে ৩০ থেকে ৫০ শতাংশ এবং সিটি করপোরেশন ও সাভারের বাইরে ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন বাড়লে শতাংশের হার কমলেও মোট বাড়িভাতার পরিমাণ আগের তুলনায় বেশি হতে পারে।

চিকিৎসা ভাতাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে সব সরকারি কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় ৫০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীরা ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। পেনশনভোগীদের মধ্যে ৬০ থেকে ৭০ বছর বয়সিদের ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সিদের ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডের জন্য মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ টাকা থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে। বাংলা নববর্ষ ভাতা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাহাড়ি ভাতা এবং হাওড়, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশই রাখা হলেও এসব ভাতার সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাও নতুন পে স্কেল কার্যকর হলে বাতিল হওয়ার কথা রয়েছে। এই প্রণোদনা শুরুতে ৫ শতাংশ থাকলেও পরে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল।

প্রসঙ্গত, ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদন করা হয়েছে। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে।

নতুন পে স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, নতুন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

-স্বাধীন/এমএ

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন
লোগো
Sep 16, 2026

সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে আসছে বড় পরিবর্তন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta