একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় একাদশ শ্রেণির ক্লাস এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হচ্ছে।
ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের নোটিশে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করে তাদের নির্বাচন নিশ্চিত করতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।
এদিকে ক্লাস শুরুর সময়সূচি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে। কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’-এর নীতি-৬.০ অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা ছিল।
তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় নির্ধারিত দিনে ক্লাস শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। ফলে এ বছর একাদশে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছিল ২২০ টাকা।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। আবেদনকারীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ ছিল ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
ভর্তি নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি ১০০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদন ছাড়া কোনো শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি কিংবা এমপিওভুক্তি বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
-স্বাধীন/এমএ
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

