পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশঃ Sep 16, 2026 - 20:51
পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ভারতের পক্ষ থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে।

শামা ওবায়েদ বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া।’ আইনি বিষয় নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কার্যক্রম চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র আদান-প্রদানও অব্যাহত রয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায়টি যেহেতু সদ্য ঘোষণা করা হয়েছে, তাই আদালতের আনুষ্ঠানিক নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে বলেও জানান তিনি।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে আগে পাঠানো চিঠির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ভারত সরকারের কাছ থেকে এখনো সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়া পর্যন্ত এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা চলবে।

-স্বাধীন/এমএ

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লোগো
Sep 16, 2026

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta