ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ
ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত এলাকাটির কয়েকটি ফ্রন্টে এখনো লড়াই চলছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ থেকে সংবাদদাতা মাহা আলীর তথ্য অনুযায়ী, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহায়তায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।
সরকারি বাহিনীর দাবি, ওই এলাকায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল হুথিরা। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। সংঘর্ষের সময় হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করা হয়েছে।
কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় এলাকাটি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
তবে সংঘর্ষে হতাহতের সংখ্যা বা হুথিদের পক্ষ থেকে সরকারি বাহিনীর এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
-স্বাধীন/এস
ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ

