ডিআর কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯; অধিকাংশই শিক্ষার্থী
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী-নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ আগুনে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী। আগুন দুটি স্কুল ও আশপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এএফসি-এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। আগুনে আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।
জাতিসংঘ পরিচালিত সম্প্রচারমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত উজামা প্রাইমারি স্কুল, ফুরাহা সেকেন্ডারি স্কুল এবং আশপাশের একটি আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে।
আগুনের পাশাপাশি ঘন ধোঁয়ায় বহু শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়। দক্ষিণ কিভুর উপ-গভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে জানান, আগুনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের তৈরি ঘর পুড়ে গেছে।
স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে এএফপিকে বলেন, আগুন লাগার পর স্কুল দুটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অনেকে একে অপরের ওপর পড়ে যান। এতে কয়েকজন পদদলিত হয়ে মারা যান এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
-স্বাধীন দিগাস্ত/এস
ডিআর কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯; অধিকাংশই শিক্ষার্থী

