সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবারও সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সমর্থন কামনা করা হয়।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংক্ষিপ্ত আলোচনায় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেরিং তোবগেকে উষ্ণ শুভেচ্ছা জানান।
এ সময় একটি সমৃদ্ধ ও সহযোগিতাপূর্ণ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরা হয়।
আলোচনায় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি দেওয়ার আগ্রহের কথা জানান মঈন খান ও হুমায়ুন কবির। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও আলোচনায় উঠে আসে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
-স্বাধীন/এমএ
সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

