সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবার বিষপান
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষপান করেছেন এক বাবা। এ ঘটনায় তিন শিশুরই মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় ওই বাবাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ওই ব্যক্তি তার তিন শিশুসন্তানকে বিষ প্রয়োগ করেন এবং পরবর্তীতে নিজেও বিষপান করেন। সকালে স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে চারজনকে দ্রুত উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকে মৃত ঘোষণা করেন। এদিকে বাবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে পৌঁছে তিন শিশুর মরদেহ উদ্ধার করে। গুরুতর অসুস্থ বাবাকে স্বজনরা চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন এবং নিহত শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।
-স্বাধীন/এমএ
সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবার বিষপান

