কিশোরগঞ্জে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার জব্দ, আটক ২

প্রকাশঃ Sep 29, 2026 - 18:05
কিশোরগঞ্জে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার জব্দ, আটক ২

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ট্রলি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। সার পরিবহনে ব্যবহৃত ট্রলি দুটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিঠামইন থানার ডিউটি অফিসার এএসআই আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, এ ঘটনায় আটক দুইজনসহ অনুমোদিত সার ডিলার ও আরও একজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্রলিতে করে সার সরানোর সময় আটক

পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালানো হয়।

কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুটি ট্রলিতে করে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। পরে ট্রলি দুটিতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করে পুলিশ। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত ট্রলি দুটিও জব্দ করা হয়।

এ ঘটনায় আটক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।

‘কৃষি বিভাগকে না জানিয়ে সার স্থানান্তরের নিয়ম নেই’

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা অবায়দুল ইসলাম খান অপু বলেন, কৃষি বিভাগের অনুমতি বা অবগত না করেই এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার নেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন সারবোঝাই গাড়ি আটক করে কৃষি বিভাগ ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চালককে আটক করে।

তিনি বলেন, উপজেলার ভেতরে হলেও কৃষি বিভাগকে না জানিয়ে বিপুল পরিমাণ সার স্থানান্তরের নিয়ম নেই। সার পাচার বা সার নিয়ে কোনো ধরনের কারসাজির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন/এস

কিশোরগঞ্জে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার জব্দ, আটক ২
লোগো
Sep 29, 2026

কিশোরগঞ্জে ১১১ বস্তা ভর্তুকির ইউরিয়া সার জব্দ, আটক ২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta