মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

প্রকাশঃ Sep 21, 2026 - 13:57
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। হারামাইন শরিফাইনের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় পবিত্র নগরী মক্কায় তিনি ইন্তেকাল করেন।

শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালনকারী অন্যতম মুয়াজ্জিন ছিলেন। মুকাব্বিরিয়ার মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন।

পবিত্র মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম মাদানি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠের বিভিন্ন রেকর্ড সংরক্ষিত রয়েছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই তিনি পবিত্র কুরআন হিফজ করেন।

মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মধ্য দিয়ে তার মুয়াজ্জিন জীবনের শুরু হয়। ১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আজানের দায়িত্ব পালন করেন। পরে ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মদিনায় বেড়ে ওঠার কারণে শায়খ ইবরাহিম আল-মাদানি আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। পাশাপাশি বাবা তাকে মক্কায় নিয়ে গেলে মক্কি আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও তার পরিচয় ঘটে।

মক্কায় অবস্থানকালে তিনি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। এর ফলে মক্কি ও মাদানি দুই ধারার আজানের বৈশিষ্ট্য কাছ থেকে শেখার সুযোগ পান শায়খ ইবরাহিম।

-স্বাধীন/এমএ

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন
লোগো
Sep 21, 2026

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta