জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, ভূমিধসের শঙ্কা

প্রকাশঃ Sep 21, 2026 - 14:37
জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, ভূমিধসের শঙ্কা

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে। এতে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকিও বেড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছাকাছি এলাকা দিয়ে অতিক্রম করতে পারে। ফলে আগামী কয়েক ঘণ্টায় দেশটির আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিও রেকর্ড করা হয়েছে।

জেএমএর পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি কান্তো অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সোমবার বিকেল থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কান্তো অঞ্চলের আওতায় টোকিও ও এর আশপাশের কয়েকটি প্রিফেকচার রয়েছে।

টাইফুনের প্রভাবে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতাও মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা একই এলাকায় কয়েক ঘণ্টা ধরে বিপুল পরিমাণ বৃষ্টিপাত ঘটাতে পারে। ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে এমন ভারি ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত বড় ধরনের দুর্যোগের কারণ হয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

চলতি বছর বিশ্বজুড়েই চরম আবহাওয়ার নানা ঘটনা দেখা যাচ্ছে। পূর্ব এশিয়া থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলেও অস্বাভাবিক ভারি বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স

-স্বাধীন/এমএ

জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, ভূমিধসের শঙ্কা
লোগো
Sep 21, 2026

জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, ভূমিধসের শঙ্কা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta