নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
শুধু রমজান মাসকে কেন্দ্র করে নয়, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে বাজারে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো বা অতিরিক্ত মুনাফার চেষ্টা করলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রমজান মাসে স্বাভাবিকভাবেই নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়। তবে সরকারের বাজার ব্যবস্থাপনা শুধু রমজানকেন্দ্রিক নয়। সারা বছর পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখাই সরকারের লক্ষ্য।
ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়মিত বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের দামে দুই-এক টাকা অস্বাভাবিক ওঠানামা সামগ্রিক হিসাবে বড় বিষয় মনে না হলেও এতে সাধারণ মানুষের মধ্যে বাজার সম্পর্কে আস্থার সংকট তৈরি হতে পারে। তাই বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি মানুষের আস্থা ধরে রাখাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাজারের ওপর মানুষের আস্থা আরও বাড়াতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ ছাড়া আমদানিকারকদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে বিভিন্ন পণ্যের মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।
-স্বাধীন/এমএ
নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

