জনস্বার্থে হওয়া সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী
দেশ ও জনগণের স্বার্থে দেশে যত আন্দোলন হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সবগুলোর বিরোধিতা করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলন করেছে, প্রত্যেকটিরই বিরোধিতা করেছে জামায়াত।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দাবি করে রিজভী বলেন, ‘জনগণের সঙ্গে আপনারা বারবার প্রতারণা করার কারণে কোনোদিন জনগণের চূড়ান্ত আস্থা অর্জন করতে পারেননি। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য।’
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও জড়িত বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। বিরোধী দলের কর্মসূচিতে কোনো ধরনের বাধা না আসার বিষয়টি দেশে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকার প্রমাণ বলেও মন্তব্য করেন রিজভী।
-স্বাধীন/এমএ
জনস্বার্থে হওয়া সব আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী

