২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশঃ Sep 24, 2026 - 16:13
২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু করা হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ের পুরো শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর কাজ চলছে। একই সঙ্গে কারিকুলামেও পরিবর্তন আনা হচ্ছে। আগামী ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় আরও কঠোর হচ্ছে। বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য শক্তিশালী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা খাতের মানোন্নয়নে সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। পাশাপাশি দেশে মোনাশ ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও উন্নত পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দেশের অগ্রগতি ও জাতির সাফল্যের ক্ষেত্রে শিক্ষাকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে বড় অঙ্কের বাজেট বরাদ্দের বিষয়টি তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, আগে শিক্ষায় বরাদ্দ জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশের মধ্যে ছিল। বর্তমানে বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভবিষ্যতে তা জিডিপির ৫ শতাংশ পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পর্যাপ্ত বাজেট নিশ্চিত করা গেলে দেশের শিক্ষাব্যবস্থাকে চীন ও পশ্চিমা দেশগুলোর উন্নত শিক্ষাব্যবস্থার পর্যায়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা সম্ভব।

এ সময় তরুণদের একটি অংশের পথভ্রষ্ট হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সমাজ পরিবর্তনের জন্যও একটি কার্যকর কর্মসূচি প্রয়োজন। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা খাত সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের প্রতি ভালোবাসা তৈরি এবং সমাজে নেতিবাচকতার প্রবণতা কমাতে শিক্ষার ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

-স্বাধীন/এমএ

২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
লোগো
Sep 24, 2026

২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta