এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, মিলল নতুন তথ্য
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাবেন। তাদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। আগামী সপ্তাহে এ প্রজ্ঞাপনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা যায়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে পৃথক গেজেট জারির জন্য শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে।
তবে এ আলোচনা এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ নয়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা দেশে না থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পে-স্কেলের পৃথক গেজেট জারির বিষয়ে কোনো কার্যক্রম নেওয়া সম্ভব হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’
বর্তমানে দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাউশির অধীন স্কুল ও কলেজে প্রায় ৪ লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
-স্বাধীন/এমএ
এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেট কবে, মিলল নতুন তথ্য

