৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে ভারতজুড়ে আন্দোলনের হুমকি 

প্রকাশঃ Sep 25, 2026 - 22:35
৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে ভারতজুড়ে আন্দোলনের হুমকি 

ভারতের ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ভারতজুড়ে আন্দোলন শুরু করা হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এ ঘোষণা দেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতবিরোধের খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে, ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মাধ্যমে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যকে স্বাভাবিক ও আইনসম্মত প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।

সিজেপির পক্ষ থেকে শুধু সিইসির পদত্যাগই নয়, এসআইআর-সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা, আসন্ন নির্বাচনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা এবং ভোটার তালিকাকে ২০২৫ সালের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি এসআইআর নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

এর আগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে একই সংগঠনের নেতৃত্বে ভারতে বড় ধরনের তরুণদের আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনের পর গত জুলাইয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। আন্দোলনকারীরা তখন তাদের দাবিগুলো পূরণের পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছিল।

এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসও নির্বাচন কমিশনকে ঘিরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। দলটি বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভের কথা জানিয়েছে এবং সিইসির বিরুদ্ধে ব্যবস্থা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবি তুলেছে।

-স্বাধীন/এমএ

৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে ভারতজুড়ে আন্দোলনের হুমকি 
লোগো
Sep 25, 2026

৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে ভারতজুড়ে আন্দোলনের হুমকি 

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta