পুলিশে যুক্ত হচ্ছে সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়
বাংলাদেশ পুলিশে আগামী সপ্তাহে একটি স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে। পাশাপাশি থানা ও জেলা পর্যায়ের সাইবার ইউনিটগুলোকে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সপ্তাহেই আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের কাজ শুরু হবে। এ জন্য পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির পদ প্রয়োজন হলে তা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিটকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে। এছাড়া বড় পরিসরের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।
সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রকল্প তৈরির জন্য কয়েক সপ্তাহ আগে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জটিল ও বড় ধরনের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে যেসব বিষয়ে বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সেখানেই সম্পন্ন করা হবে।
পুলিশে জনবল নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদে ব্যাপকহারে কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে।
সরকারের ভিত্তি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ভিত্তি, জনআকাঙ্ক্ষা ও ব্যাপক জনপ্রত্যয়ের ওপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারের ভিত্তি শক্তিশালী।
বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি জনগণের আস্থা অর্জনকেও পুলিশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষায়, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের আস্থা ছাড়া কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘমেয়াদে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে না।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দক্ষ ও নিষ্ঠাবান সদস্যদের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও সদস্যদের কল্যাণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।
-স্বাধীন/এমএ
পুলিশে যুক্ত হচ্ছে সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

