ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। একই এলাকায় এর আগে এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ষোলশহর স্টেশনের আশপাশে ভাসমান অবস্থায় থাকতেন।
অসীম ধর বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে নিহতের পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সাম্প্রতিক সময়ে একই এলাকায় এক শিশুসহ দুজনের মৃত্যুর পর আবারও প্রাণহানির ঘটনায় রেললাইনে মানুষের চলাচল ও এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
-স্বাধীন/এস
ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

