মোহাম্মদপুরে অফিস ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলের অভিযোগ

প্রকাশঃ Sep 26, 2026 - 21:45
মোহাম্মদপুরে অফিস ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় একটি অফিসে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাল আবেদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জয়নাল আবেদিন বলেন, শনিবার সকাল ১০টার দিকে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তি মোহাম্মদপুর টুইন টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত তাদের অফিসে অনধিকার প্রবেশ করেন। তারা অফিসের দরজা, তালা ও জানালা ভাঙচুর করে ভেতরে ঢোকেন।

পরে তারা অফিসের বিভিন্ন কক্ষ ও স্টোররুমে তল্লাশি চালিয়ে নগদ ১৫ লাখ টাকা, পাঁচটি ল্যাপটপ, দুটি এসি, তিনটি সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ট্রাকে করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জয়নাল আবেদিন আরও অভিযোগ করেন, কিছুদিন ধরে মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২), মহিন, প্রিন্স ও আলামিন স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তাদের অফিস দখলের চেষ্টা করে আসছেন।

এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্র ও তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগে বলা হয়। ঘটনার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হয়েছে। গুরুত্বপূর্ণ নথি ও মালামাল হারিয়ে প্রতিষ্ঠানটি আর্থিক ও প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’ সংলগ্ন একটি জমিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে আলম নামের এক ব্যক্তি ওই জমির দখলে ছিলেন।

তিনি বলেন, ঘটনার সময় জনি ও রেজাউলের নেতৃত্বে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন লোক বেআইনিভাবে জমিটিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে। পরে তারা ভেতরে ঢুকে অফিসে ভাঙচুর চালায় এবং সীমানায় নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করে।

ওই জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই নিজেদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করছে বলেও জানান এডিসি জুয়েল রানা।

-স্বাধীন/এমএ

মোহাম্মদপুরে অফিস ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলের অভিযোগ
লোগো
Sep 26, 2026

মোহাম্মদপুরে অফিস ভাঙচুর ও লুটপাট করে জায়গা দখলের অভিযোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta