সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন রাশেদ খাঁন
স্টুডিওতে ভাঙচুরের ঘটনার বিষয়ে পুরো তথ্য জেনে মন্তব্য করা উচিত ছিল কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, ঘটনাটি কোনো চাঁদাবাজির কারণে নয়; বরং জমি সংক্রান্ত বিরোধের জেরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও নেই বলে দাবি করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রোপার্টিজের পাশে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার প্রায় ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে।
রাশেদ খাঁন জানান, সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, অতীতে প্রভাব খাটিয়ে ৮ কাঠা জমি দখল করেছেন নিউ গিনি প্রোপার্টিজের মালিক আওয়ামী লীগঘনিষ্ঠ নাজিম উদ্দীন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তিনি জেলও খেটেছেন বলে উল্লেখ করেন রাশেদ।
তিনি আরও জানান, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও স্থাপন করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের মালিক নাজিম উদ্দীন সম্প্রতি এমনভাবে তিনটি নতুন গেট নির্মাণ করেন, যাতে অন্য জমির মালিকরা ভেতরে প্রবেশ করতে না পারেন। সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি, জমি দখলের উদ্দেশ্যেই এসব গেট নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই সাবেক কর্মকর্তারা লোকজন ভাড়া করে গেট ভাঙতে যান। সেখানে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালানো হয়। এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, সাবেক সরকারি কর্মকর্তারা চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে পাল্টা শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং পুরো ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ সৃষ্টি হয়েছে।
দখল-পাল্টা দখলের ঘটনায় বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বিভিন্ন সম্পদ দখলের ঘটনায় বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন রাশেদ খাঁন।
সালমান মুক্তাদিরের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পুরো ঘটনা যাচাই করে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার পর বক্তব্য দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে বিএনপির লোকজনকে চাঁদা না দেওয়ার কারণে স্টুডিওতে হামলা হয়েছে—এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, সালমান মুক্তাদির এবার ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরবেন। একই সঙ্গে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দোষীদের যথাযথ শাস্তি হবে এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন।
-স্বাধীন/এমএ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন রাশেদ খাঁন

