সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ Sep 27, 2026 - 14:45
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিকভাবে তাকে ভুক্তভোগী হিসেবে দেখছে পুলিশ। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, এ ঘটনায় জিডি বা মামলা করার আইনি প্রক্রিয়া চলছে এবং শিগগিরই মামলা হতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার সালমান মুক্তাদিরের একটি স্টুডিওতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তিনি বাংলাদেশে এ ধরনের ঘটনা স্বাভাবিক হয়ে গেছে বলে মন্তব্য করেন এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে উল্লেখ করেন। তার দাবি ছিল, চাঁদা না দেওয়ার কারণেই তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, ফেসবুক লাইভে অভিযোগ করলেও এখন পর্যন্ত সালমান মুক্তাদির কোনো মামলা করেননি। এমনকি তিনি নিজেই বলেছেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা দাবি করেনি এবং চাঁদা চাওয়া হলে তিনি তা দিয়ে দিতেন। ফলে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হচ্ছে, সেটিও এখনো স্পষ্ট নয়।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে যে অভিযোগ করা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে সালমান মুক্তাদির যদি নির্দিষ্ট ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থল মানিকদী নামাপাড়া এলাকায়, যা ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। সেখানে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ রয়েছে। এক পক্ষ একটি বিল্ডার প্রতিষ্ঠান এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের বেলায় জমিটি দখলের চেষ্টা করে। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই স্থাপনার মধ্যে সালমান মুক্তাদিরের একটি টিনশেড ঘর ছিল, যেখানে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরির কাজ করা হতো বলে জানা গেছে। সেই স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়।

মন্ত্রী আরও বলেন, ঘটনাটি নিয়ে এরই মধ্যে প্রাথমিক তদন্ত হয়েছে। তবে প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। সালমান মুক্তাদিরের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। একই সঙ্গে তার ফেসবুক লাইভে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিতর্কিত জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ এবং দখল-বেদখলের ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকায় তদন্তের অগ্রগতি ও মামলা হওয়ার পরই পুরো ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

-স্বাধীন/এমএ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
লোগো
Sep 27, 2026

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta