ভারতের গোলবন্যায় ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

প্রকাশঃ Sep 28, 2026 - 20:23
ভারতের গোলবন্যায় ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

নাগোয়ার নিকটবর্তী শহর গিফুতেও ছিল বৃষ্টিস্নাত আবহাওয়া। বৃষ্টির কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার হকি ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। তবে খেলা শুরু হওয়ার পর আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতের কাছে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্ব হকি র‌্যাংকিংয়ে ভারত রয়েছে সপ্তম স্থানে, আর বাংলাদেশ ২৭ নম্বরে। দুই দলের র‌্যাংকিংয়ের এই পার্থক্য মাঠের লড়াইয়েও স্পষ্ট হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে ভারত কিংবা অন্য কোনো দলের বিপক্ষে এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ।

ম্যাচের তৃতীয় মিনিটেই অভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুগরাজ সিং। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ভারত।

২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতীয় অধিনায়ক হার্মানপ্রিত সিং। ৩২ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।

দ্বিতীয়ার্ধেও ভারতের দাপট অব্যাহত থাকে। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হার্মানপ্রিত। এরপর ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুই গোল করে ব্যবধান আরও বাড়ান শিলানন্দ লাকরা। ৪৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হার্মানপ্রিত সিং।

শেষ দিকে ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সাঞ্জয়। ম্যাচের শেষ মিনিটে ভারতের দশম গোলটি করেন মানদীপ সিং।

এর আগে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলের হার। তৃতীয় ম্যাচে জয় পায় লাল-সবুজের দল। এরপর ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চতুর্থ স্থান নিশ্চিত করে বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে এবার স্থান নির্ধারণী ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

-স্বাধীন/এস

ভারতের গোলবন্যায় ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
লোগো
Sep 28, 2026

ভারতের গোলবন্যায় ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta