দুর্গাপূজায় বাড়ল সরকারি ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে আরও একদিন। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী নিশ্চিত করেছেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলো।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচদিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে দুর্গাপূজাকে ঘিরে বাড়তি ছুটি নিতে হবে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে শনিবার।
এদিকে চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সরকারি ছুটির আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও এ ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
-স্বাধীন/এমএ
দুর্গাপূজায় বাড়ল সরকারি ছুটি

