শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

প্রকাশঃ Sep 30, 2026 - 13:09
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব মদ আটক করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আটক করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা দুই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাদের ব্যাগেজ স্ক্যান করা হয়। এর মধ্যে এমিরেটসের একটি ফ্লাইটে আসা যাত্রী রোমানের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়।

যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ দেওয়া হয়। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রী শিমুল ইসলামের ব্যাগেজও গ্রিন চ্যানেল অতিক্রমের সময় স্ক্যান করা হয়। পরে তার ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ পাওয়া যায়। সেগুলোও আটক করা হয়।

দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

-স্বাধীন/এস

শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক
লোগো
Sep 30, 2026

শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta