চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নগরের গুরুত্বপূর্ণ এ সড়কে অভিযান পরিচালনা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
অভিযানে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান, অস্থায়ী স্থাপনা ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সামগ্রী সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা না করতে সংশ্লিষ্ট দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করেন মেয়র।
‘ফুটপাত পথচারীদের জন্য’
অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সেখানে পণ্যসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত থাকবে।
মেয়র দোকানদার ও ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান।
এ ছাড়া নগরের সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
-স্বাধীন/এস
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের উচ্ছেদ অভিযান

