রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে বৈদ্যুতিক পাখা, আহত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক পাখা খুলে এক নারী চিকিৎসকের কাঁধের ওপর পড়ে গুরুতর আহত হয়েছেন। তবে অল্পের জন্য পাখাটি তাঁর মাথায় পড়েনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত চিকিৎসক ডা. ফৌজিয়া মোস্তফা হাসপাতালের রেস্টরুমে বসে ছিলেন। হঠাৎ দেয়ালে লাগানো বৈদ্যুতিক পাখাটি খুলে তাঁর কাঁধের ওপর পড়ে। এতে তিনি আহত হন।
ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও সরঞ্জাম থাকার অভিযোগও উঠেছে।
ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক পাখাটি খুলে তাঁর ওপর পড়ে। পাখাটি মাথায় না পড়ে কাঁধে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে হাসপাতালের ঝুঁকিপূর্ণ সরঞ্জামগুলো দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ পলাশ বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিষয়গুলো জানানো হয়েছে। তবে অভিযোগের পরও ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন স্থানে থাকা ঝুঁকিপূর্ণ সরঞ্জামের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, দ্রুত এসব সরঞ্জাম পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
-স্বাধীন/এস
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে বৈদ্যুতিক পাখা, আহত

