বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, সবার মাথায় আঘাতের চিহ্ন
বাগেরহাটের কচুয়া উপজেলার একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কয়েকজন প্রতিবেশী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খোঁজ করেন। পরে ঘরের ভেতরে গিয়ে আরও দুইজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দুই থেকে তিন দিন আগে হত্যার ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, বাড়িতে নিয়মিত লোকজনের যাতায়াত না থাকায় ঘটনাটি এতদিন নজরে আসেনি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, সবার মাথায় আঘাতের চিহ্ন

