ফায়ার সার্ভিসের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের শুভ উদ্বোধন

প্রকাশঃ Oct 1, 2026 - 18:26
ফায়ার সার্ভিসের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের শুভ উদ্বোধন

মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মিতব্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় আজ মিরপুরে প্রথম ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১টা ৩০ মিনিটে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। এরপর মঞ্চে প্রকল্প পরিচালক যুগ্মসচিব জনাব মোঃ ছরোয়ার হোসেন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

সূচনা বক্তব্য প্রদান করেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ হাসিনুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন গণপূর্ত প্রধান কার্যালয়ে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) জনাব মোঃ নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার জনাব নূর-এ আসমানি।

এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকল্প পরিচালক যুগ্মসচিব জনাব মোঃ ছরোয়ার হোসেন বক্তব্য প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ গণপূর্ত, পিডব্লিউডি ও স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন।

সবশেষে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি প্রকল্প পরিচালকসহ সকলের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১,২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাস করতে পারবে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।” তিনি আরও জানান, “ভবনটি সর্বাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এবং এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

বক্তব্যের পর প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ভবন নির্মাণস্থলে প্রতীকী মাটি কেটে ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকল সদস্য মহান আল্লাহ তাআলার কাছে প্রকল্প ও ফায়ার সার্ভিসের সাফল্য কামনা করে মোনাজাত করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্তের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঠিকাদার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-স্বাধীন দিগন্ত/এমএ

ফায়ার সার্ভিসের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের শুভ উদ্বোধন
লোগো
Oct 1, 2026

ফায়ার সার্ভিসের জন্য ১২ তলা আবাসিক ভবন নির্মাণের শুভ উদ্বোধন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta