পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা, জনসচেতনতায় স্টিকার বিতরণ
অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশ
পিরোজপুর প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে বর্ণাঢ্য মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে প্রাণবন্ত করে তোলে। রোববার সকালে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রার উদ্বোধন করেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। তাঁর নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পদযাত্রা চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এসব স্টিকারের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার বার্তা পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে। পদযাত্রাকালে জেলা প্রশাসক শহরের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী ও আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশনা দেন, যাতে জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়। এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এ বিষয়ে প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা, জনসচেতনতায় স্টিকার বিতরণ

