প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়বে।
তিনি জানান, ইতোমধ্যে অনেক কোরীয় কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং আরও অনেক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা ও বাংলাদেশের দক্ষ জনশক্তির সমন্বয়ে উভয় দেশ লাভবান হতে পারে। এ জন্য বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে কোরীয় কোম্পানিগুলোকে নিয়ে একটি বিনিয়োগ সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রস্তাবগুলো দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

