স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

প্রকাশঃ Aug 3, 2026 - 18:48
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে নির্বাচন ঘিরে ভোটার নিবন্ধনের সময়সীমাসহ বিভিন্ন বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো স্পষ্ট নির্দেশনা না থাকায় ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সময়সীমা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনের জন্য কয়েকটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপিসংক্রান্ত বিষয় রয়েছে। দুই নির্বাচন কমিশনার বিদেশ থেকে ফিরলে প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন আয়োজন, ভোটার তালিকা চূড়ান্তকরণ ও অন্যান্য প্রস্তুতিসহ পুরো প্রক্রিয়ায় প্রায় তিন মাস সময় প্রয়োজন। তবে সরকারের কাছ থেকে সুস্পষ্ট তথ্য না পাওয়ায় সম্ভাব্য সময়সূচি নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ধীরগতি নেই। আইন ও বিধিমালা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ—এই তিনটি ক্ষেত্রেই প্রস্তুতি চলছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইসি সচিব বলেন, বিভিন্ন বিধিমালার বিষয়ে আগেই দলগুলোর মতামত নেওয়া হয়েছে। আপাতত নতুন করে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় বাকি ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে অডিট প্রতিবেদন জমা দিয়েছে। ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। যারা প্রতিবেদন জমা দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়া গেলে তফসিল ঘোষণা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে অসংগতি এড়াতে একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
লোগো
Aug 3, 2026

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta