রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ২৭
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় দুই দেশে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় নিহত হয়েছেন ১৬ জন এবং ইউক্রেনে ১১ জন।
মঙ্গলবার ভোরে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানায়, মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এদিকে ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনদঝিকের কাছে আরখিপো-ওসিপোভকা পর্যটন গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার প্রশাসন জানিয়েছে, সেখানে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে পৃথক হামলায় চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
অন্যদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবা কর্মী ও তার আট বছর বয়সী ছেলে রয়েছে। হামলায় একটি পেট্রল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় তিন শিশুসহ ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। এছাড়া জাপোরিঝিয়ায় রাতভর রুশ হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলি কলোদিয়াজ ও উসপেনিভকা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।
অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এরই মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা হলেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের অবস্থান এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ২৭

