টানা ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে ভোগান্তি

প্রকাশঃ Aug 5, 2026 - 12:43
টানা ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে ভোগান্তি

টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে গাজীপুর ছাড়তে শুরু করেছেন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার লাখো কর্মজীবী মানুষ। বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

তবে ছুটির আনন্দে বাড়ি ফেরার পথে অতিরিক্ত বাসভাড়া, যানজট ও পরিবহন সংকটে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

শিল্প পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিল্প-কারখানার শ্রমিকরা টানা তিন দিনের অবকাশ পেয়েছেন। এ কারণে ভোর থেকেই বিভিন্ন মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে।

সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়।

উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বৃদ্ধি পায়। এতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপকে কেন্দ্র করে কয়েকটি পরিবহন কাউন্টারে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। টিকিট সংকটের অজুহাতে কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

চন্দ্রা বাস কাউন্টারে অপেক্ষমাণ যাত্রী জেরিন আক্তার বলেন, ‘তিন দিনের ছুটি পেয়েছি। পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছি। কিন্তু কাউন্টারে গিয়ে টিকিট পাইনি।’

আরেক যাত্রী ইকলাছুর রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষ বাড়ি ফিরলেই বাসভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আজ ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।’

যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি পরিবহন সংশ্লিষ্টরা। তাদের দাবি, যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, ‘পরিবহনের তুলনায় যাত্রী বেশি হওয়ায় সংকট তৈরি হয়েছে। অনেক গাড়ি কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে থেকে যাত্রী পরিবহন করায় ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে।’

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতেও স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে।

হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন বলেন, ‘ভোর থেকেই মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’

টানা ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে ভোগান্তি
লোগো
Aug 5, 2026

টানা ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে ভোগান্তি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta