‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
পর্দায় শক্তিশালী খলনায়ক হিসেবে দর্শকদের মনে ভয়ের আবহ তৈরি করলেও বাস্তবের অনিবার্য পরিণতি এড়াতে পারেননি তিনি। ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। সুপারহিট সিনেমা ‘গজনি’-তে খলনায়ক চরিত্রে অভিনয় করে তিনি উপমহাদেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ভারতীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রদীপ রাওয়াত। কিছুদিন আগে রোগটি আবারও ফিরে আসে। এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু হয় টেলিভিশনের মাধ্যমে। বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি প্রথম আলোচনায় আসেন। পরে বড় পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
১৯৮৫ সালে ‘অ্যায়তবার’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। তবে ২০০১ সালের ‘লগান’-এ দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’-তে নির্মম খলনায়ক চরিত্রে অভিনয় তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল ‘গজনি’-তেও একই চরিত্রে অভিনয় করে দক্ষিণ ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালি-সহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। পর্দায় তার বলিষ্ঠ উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং শক্তিশালী খলচরিত্রের অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতায় পরিণত করেছে।
বলিউডে তাকে সর্বশেষ দেখা যায় গত বছরের ‘ছাবা’ চলচ্চিত্রে।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি ফিল্মফেয়ার (তেলুগু) সেরা খলঅভিনেতা পুরস্কার এবং একই বছর নন্দী পুরস্কার অর্জন করেন। তবে বলিউডে উল্লেখযোগ্য কোনো পুরস্কার তার ঝুলিতে যোগ হয়নি।
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

