জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে রাজধানীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রঙ তুলিতে জুলাই ’২৪’।
প্রতিযোগিতায় দুটি বিভাগে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম বিভাগে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় বিভাগে ৮ বছরের বেশি থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এ সময় শওকত আরা আক্তার বলেন, ‘জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের রঙ-তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে।’
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, ‘শিশুরা কীভাবে জুলাইকে ধারণ করে, তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। পরবর্তী প্রজন্ম এই আয়োজনের মাধ্যমে জুলাইয়ের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে পারবে।’
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
-স্বাধীন দিগন্ত/ এমএ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

