অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

প্রকাশঃ Aug 6, 2026 - 21:47
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, শিক্ষা, কৃষি, প্রাণিসম্পদ এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আইন ও বাণিজ্য আলোচনায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি গবেষণা ও স্টাডি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আঞ্চলিক জ্ঞান ও দক্ষতা বিনিময়ের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের (পিডি) দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হবে।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করতে অস্ট্রেলিয়া আগ্রহী। নতুন কর্মসূচিতে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, এর আইনি দিক এবং নীতিনির্ধারণী দক্ষতা উন্নয়নের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এ উদ্যোগে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকেও সম্পৃক্ত করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শিক্ষা, ট্রান্সন্যাশনাল এডুকেশন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ব্যবসায়িক বিনিয়োগে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

সুসান রাইল আরও জানান, শিগগিরই অস্ট্রেলিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে, যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর বাণিজ্য সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ বাজারে প্রবেশাধিকারের বিষয়েও আলোচনা হয়।

এছাড়া অস্ট্রেলিয়া থেকে উন্নত মানের গরুর মাংস বাংলাদেশে রপ্তানির সম্ভাবনা, হালাল সার্টিফিকেশন, পশুর ট্রেসেবিলিটি এবং আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠক শেষে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ককে আরও বহুমাত্রিক, টেকসই ও কৌশলগত পর্যায়ে উন্নীত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

-স্বাধীন দিগন্ত/ এমএ

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ
লোগো
Aug 6, 2026

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta