একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে এবং র্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
-স্বাধীন দিগন্ত/এমএ
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে বদলি

