রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি

প্রকাশঃ Aug 13, 2026 - 13:10
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিএনপির মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল।

২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। পরে ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন তিনি। দীর্ঘ সময়ে বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মির্জা ফখরুল।

বিশেষ করে দলের দুই প্রধান নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময়ে তিনি দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছয়বার কারাগারে যান। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও দলের নেতৃত্ব দেওয়ায় রাজনীতিতে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান মির্জা ফখরুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি
লোগো
Aug 13, 2026

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta