বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী ইসি পরিচালিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরে যাওয়ার পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।
স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নিজেদের লোকদের দায়িত্বে বসিয়েছে। তাঁর মতে, এমন পরিস্থিতিতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন আয়োজন বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে সব প্রার্থীর জন্য পর্যাপ্ত প্রচারের সময় ও সুযোগ, নিরাপদ পরিবেশ এবং সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনী কাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
এর আগে ১ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল জামায়াতে ইসলামী। ওই বৈঠকে দলটি নয় দফা দাবি ও পরামর্শ তুলে ধরে। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখার দাবিও ছিল।
স্থানীয় নির্বাচন নিয়ে আগের বক্তব্যে গোলাম পরওয়ার জানিয়েছিলেন, জামায়াত নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল এবং তফসিল ঘোষণার পর দলীয় জোটের পরিবর্তে প্রত্যেক দল নিজ নিজ প্রার্থী নিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে।
-স্বাধীন/এমএ
বর্তমান পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

