পূর্ণ সূর্যগ্রহণে দিনের বেলাতেই অন্ধকারে ডুবল ইউরোপের বিভিন্ন দেশ
চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দেওয়ায় কয়েক মিনিটের জন্য দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে ইউরোপের বিভিন্ন দেশে। বুধবার (১২ আগস্ট) দেখা গেছে বিরল এই পূর্ণ সূর্যগ্রহণ।
রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে পূর্ণ সূর্যগ্রহণের পথ গ্রিনল্যান্ড পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায়। এরপর তা ইউরোপের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায়। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে ১৪৩৩ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেল।
আইসল্যান্ডের কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে পূর্ণ অন্ধকার নেমে আসে। দেশটির পশ্চিমাঞ্চলে সূর্যগ্রহণ প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড স্থায়ী হয়। আর রেইকিয়াভিকে স্থায়িত্ব ছিল এক মিনিটের কিছু বেশি।
এরপর স্পেনের বিভিন্ন এলাকায় দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। দেশটিতে এক শতাব্দীরও বেশি সময় পর এমন বিরল দৃশ্য দেখা গেল। স্পেনের পাশাপাশি পর্তুগালের কিছু এলাকাতেও পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যায়। ইউরোপের আরও অনেক দেশে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।
পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে আড়াল করে দেয়। তখন সূর্যের বাইরের আবরণ বা করোনা দৃশ্যমান হয়। কয়েক মিনিটের জন্য চারপাশে অস্বাভাবিক অন্ধকার ও গোধূলির মতো পরিবেশ তৈরি হয়। এ সময় তাপমাত্রাও কিছুটা কমে যায়।
বিরল এই দৃশ্য দেখতে আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ জড়ো হন। সূর্যগ্রহণ দেখতে অনেক পর্যটকও বিশেষভাবে এসব দেশে ভ্রমণ করেন।
আগামী বছর ২০২৭ সালের আগস্টে আরও একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। সেটি স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে অতিক্রম করবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
-স্বাধীন দিগন্ত/ এমএ
পূর্ণ সূর্যগ্রহণে দিনের বেলাতেই অন্ধকারে ডুবল ইউরোপের বিভিন্ন দেশ

