জ্ঞান-নৈতিকতাই আগ্রাসনের বিরুদ্ধে ‘লোহার ঢাল’: খামেনি

প্রকাশঃ Sep 23, 2026 - 15:50
জ্ঞান-নৈতিকতাই আগ্রাসনের বিরুদ্ধে ‘লোহার ঢাল’: খামেনি

ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জ্ঞান, বিশ্বাস ও নৈতিকতার সমন্বয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ‘লোহার ঢাল’ হিসেবে কাজ করতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে স্কুল ও বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়া নিয়ে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

খামেনি বলেন, বর্তমানে আধিপত্যবাদী শক্তির বর্বরতা চলছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন বেড়েছে। এ পরিস্থিতিতে জ্ঞান, খোদাভীতি ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা শক্তি দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে পারে বলে মন্তব্য করেন তিনি।

দেশের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে খামেনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন এবং পরিবার, সহপাঠী ও সমাজের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান।

বিজ্ঞান ও সৃজনশীলতায় গুরুত্ব

ইরানের অগ্রগতিতে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিধি বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি অর্জনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান খামেনি।

তিনি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জাতীয় পরিচয়, সাংস্কৃতিক স্বাধীনতা, ফারসি ভাষা এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতীকগুলো সংরক্ষণের আহ্বান জানান।

নিহত শিক্ষার্থী-শিক্ষকদের স্মরণ

সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ তুলে খামেনি শিক্ষাপ্রতিষ্ঠানের নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অধ্যাপকদের স্মরণ করার আহ্বান জানান। তিনি বলেন, স্কুল ও বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হলেও তাদের অনুপস্থিতি অনুভূত হবে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ২৯৬ জন ইরানি শিক্ষার্থী এবং ৬৫ জনের বেশি শিক্ষক নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, মিনাবের শাজারেহ তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।

নিহতদের স্মরণ করে খামেনি বলেন, তাদের অনুপস্থিতি শিক্ষার্থীদের ভালো-মন্দ এবং সত্য-মিথ্যার মধ্যকার সংগ্রাম নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করবে।

শিক্ষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের আশ্বাস

শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত করার ভূমিকার প্রশংসা করেন খামেনি। তাদের অবদানের আরও স্বীকৃতি পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে তাদের আর্থিক অবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অভিনন্দন জানিয়ে খামেনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম বিজ্ঞান, শিক্ষা ও জাতীয় উন্নয়নে আরও সাফল্য অর্জন করবে।

-স্বাধীন/এস

জ্ঞান-নৈতিকতাই আগ্রাসনের বিরুদ্ধে ‘লোহার ঢাল’: খামেনি
লোগো
Sep 23, 2026

জ্ঞান-নৈতিকতাই আগ্রাসনের বিরুদ্ধে ‘লোহার ঢাল’: খামেনি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta