যুদ্ধের চাপে মার্কিন নৌসদস্যরা, আত্মহত্যার চেষ্টা ৮ জনের

প্রকাশঃ Sep 24, 2026 - 18:46
যুদ্ধের চাপে মার্কিন নৌসদস্যরা, আত্মহত্যার চেষ্টা ৮ জনের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আট সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওয়ের একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলুর।

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) প্রকাশিত চিঠিটি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে এসেছে। এতে সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের এক প্রশ্নের জবাবে ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের সদস্যদের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন হাং কাও।

চিঠিতে তিনি জানান, লিংকনের সামরিক অভিযান শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। তবে একই সময়ে কোনো নৌসদস্য আত্মহত্যা করে মারা যাননি।

হাং কাও বলেন, এই আটটি ঘটনার মধ্যে শুধু ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকরা নন, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সঙ্গে থাকা ডেস্ট্রয়ার এবং সংশ্লিষ্ট সব বিমান স্কোয়াড্রনের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অধীনে প্রায় ছয়টি জাহাজে ৬ হাজার থেকে ৭ হাজার মার্কিন নৌসদস্য মোতায়েন ছিলেন। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সময় বিমানবাহী রণতরীটি ছয় মাসেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করে।

সিএনএনকে দেওয়া এক বক্তব্যে এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, আটটি আত্মহত্যার চেষ্টা ‘অত্যন্ত বেশি’।

ওই কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্যান্য মোতায়েনে বছরে সাধারণত এ ধরনের এক বা দুটি ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, স্বাভাবিক সামরিক অভিযানের তুলনায় যুদ্ধকালীন পরিস্থিতিতে নৌসদস্যদের ওপর চাপ অনেক বেশি থাকে। দীর্ঘ সময় বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান, সার্বক্ষণিক সতর্কতা এবং একটানা সামরিক কার্যক্রমের কারণে তাদের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর গত ২ সেপ্টেম্বর থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়।

-স্বাধীন/এমএ

যুদ্ধের চাপে মার্কিন নৌসদস্যরা, আত্মহত্যার চেষ্টা ৮ জনের
লোগো
Sep 24, 2026

যুদ্ধের চাপে মার্কিন নৌসদস্যরা, আত্মহত্যার চেষ্টা ৮ জনের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta