কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ড্রোন হামলা
ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো আগুন লাগেনি এবং বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রমেও কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। খবর আল-আরাবিয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইএইএ জানায়, রুশ কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি রিঅ্যাক্টর ইউনিটের কুলিং টাওয়ারে একটি ড্রোন আঘাত হানে।
আইএইএর তথ্য অনুযায়ী, হামলার সময় সংশ্লিষ্ট রিঅ্যাক্টর ইউনিটটি চালু ছিল। তবে ড্রোনের আঘাতের পর ইউনিটটির কার্যক্রমে কোনো পরিবর্তন আনতে হয়নি। পাশাপাশি ঘটনাস্থলে কোনো আগুনও লাগেনি।
পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই যুদ্ধের কারণে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে আইএইএ।
কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এটি প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের শহর কুরস্কের পশ্চিম দিকে অবস্থিত।
আইএইএ জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। কারণ এ ধরনের হামলা বিশ্বের যেকোনো স্থানে ঘটলেও পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি আবারও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তার মতে, পারমাণবিক স্থাপনাকে ঘিরে যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে চলা জরুরি, যাতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়।
-স্বাধীন/এস
কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ড্রোন হামলা

