রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ থাকায় ভোট দিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যার হিসাবে মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন নয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
-স্বাধীন/ এমএ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-স্পিকার ও বিরোধীদলীয় নেতা

