পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের 

প্রকাশঃ Aug 23, 2026 - 17:46
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের 

পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর নামে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগের অনুসন্ধান শেষে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন এমএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মমিনুর রহমান, মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মোতালেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক (এসভিপি) জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন (এভিপি) এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঁইয়া, সাবেক ম্যানেজার (অপারেশন) মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ (অফিসার) মো. কাওছার হোসেন।

দুদকের নথি অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর নামে ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগটি অনুসন্ধানের জন্য এর আগে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও একজন পরিচালককে (ব্যাংক) তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭-এর বিধান অনুসরণ করে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

সূত্র আরও জানায়, অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। একই সঙ্গে মামলার এজাহার দায়ের করে তার কপিসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র কমিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের নথিতে উল্লেখ করা অভিযোগে পদ্মা ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ঋণ অনুমোদন ও বিতরণের প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে।

-স্বাধীন/ এমএ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের 
লোগো
Aug 23, 2026

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের 

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta