গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে প্রতিটি ইউনিয়নে আসছে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে দেশের তৃণমূল স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে একটি করে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালু করা হবে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী বলেন, ‘হেলথ হাব’-এ স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম একই ছাতার নিচে পরিচালিত হবে। সেখানে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। একই সঙ্গে স্তন ও জরায়ু ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের উদ্যোগও নেওয়া হবে।
চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতালের শয্যা সংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ডায়ালাইসিস সেবাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মেডিক্যাল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ সেবা নিয়ে মন্ত্রী জানান, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিক্যাল কলেজগুলো চালু করা হবে। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করা হলেও দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না।
মন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
হাসপাতাল পরিদর্শনের সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
-স্বাধীন/ এমএ
গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে প্রতিটি ইউনিয়নে আসছে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

